সীমান্ত দিয়ে চোরাচালানের বিরুদ্ধে পৃথক অভিযানে বড় অঙ্কের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ও সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পরিচালিত অভিযানে একটি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য, মাদক ও বিভিন্ন যানবাহন জব্দ করা হয়েছে।
দুই ব্যাটালিয়নের হিসাবে, জব্দ করা মালামালের মোট আনুমানিক মূল্য ১ কোটি ৩৮ লাখ ৬৭ হাজার টাকা। পৃথক অভিযানে আটক করা হয়েছে দুজনকে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিজিবির পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়।
এ সময় কাভার্ড ভ্যান থেকে ৯ হাজার ৯৩৬ কেজি ভারতীয় অবৈধ ফুচকা ও ৩ হাজার ৮২০ প্যাকেট বিস্কুট উদ্ধার করা হয়। পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও আটক করা হয়। জব্দ করা পণ্য ও যানবাহনের আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা। এসব মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।
এসব অভিযানে একজনকে আটক করা হয়। জব্দ করা হয় বাজি, বাসমতি চাল, ফুচকা, গরু, প্রসাধনী, সিল্ক শাড়ি, গ্রাইপ ওয়াটার, লোশন, রেডবুল এনার্জি ড্রিংকস, তালমিছরি, গাঁজা, মদ, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন পণ্য। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩৬ লাখ ৩১ হাজার ৬০০ টাকা।
বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। তবে এসব পণ্য চোরাচালানের সঙ্গে আরও কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









