মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর ইউনিয়ন পর্যায়ে বাছাই ও দল গঠন কার্যক্রম।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ কার্যক্রম শুরু হয়।
এতে পৃথিমপাশা ইউনিয়নের বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা অংশ নেয়। তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, প্রতিভাবান খেলোয়াড় বাছাই এবং তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান সামাদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শশাঙ্ক শেখর গোস্বামী, কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু এবং সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হারুনুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সচিব তুষার কান্তি দে, সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, গজভাগ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক চিনু মিয়া, লংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উবায়দুল্লাহ হুসেন, ভাটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহানাজ খানম, সুলতানপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিনা পারভিন, কানিকিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাজিয়া বেগমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের পাশাপাশি দক্ষ ক্রীড়াবিদ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ তৈরি করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
তারা আরও বলেন, এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ এবং নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করবে। এর মাধ্যমে ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









