ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩ ভারতীয় নাগরিকসহ ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ভারতীয় নাগরিকদের মধ্যে একই পরিবারের তিনজন। অন্য ৬ জন বাংলাদেশি নাগরিক।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত মেইন পিলার ৬১/১৮ আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া গ্রামের ইছামতি নদীর পাশ থেকে ৯ জনকে আটক করে বিজিবি। আটক তিন ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ধানতলা থানার হোসেনপুর গ্রামের জগদীশ সিংয়ের মেয়ে শিবানী সিং (২৭) একই জেলার নকশীপাড়া থানার সোনাতলা গ্রামের দেব কুমার বিশ্বাস (৩৩) ও তার মেয়ে দেবশ্রী বিশ্বাস (১৪)।
তারা বাংলাদেশে আত্মীয়দের বাড়িতে বেড়ানো শেষে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন। আটক বাংলাদেশিরা হলেন গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর ও ঝিনাইদহ জেলার বাসিন্দা।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, ‘‘আটক ব্যক্তিদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।’’
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, আটককৃতদের মধ্যে ১ জন শিশু রয়েছে। শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরে পাঠানো হয়েছে। বাকিদের বিরুদ্ধে মামলা দায়েরে প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









