জাপান থেকে ঢাকায় ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে আছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩৭৭। দুই ঘণ্টার বেশি সময় পার হলেও ত্রুটি মেরামত করা সম্ভব হয়নি। এ অবস্থায় প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলের সদস্যরা উড়োজাহাজ থেকে নেমে গেছেন। অন্য যাত্রীদেরও অপেক্ষার জন্য বিমানবন্দরের লাউঞ্জে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নে বিলম্বের কথা জানান এবং যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়েছিল। রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা যায়। তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন পাইলট। পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।
বিমানের পাইলট ইমামুল জানিয়েছেন, ত্রুটি মেরামতে প্রকৌশলীরা কাজ করছেন। মেরামতের কাজ শেষ করতে আরও দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে। তবে প্রকৌশলীদের প্রাথমিক মূল্যায়নে পুরো মেরামত ও প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা শেষ করতে দুই থেকে তিন ঘণ্টা লাগতে পারে বলে জানানো হয়েছে।
উড়োজাহাজটির ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন প্রকৌশলীরা। প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল কাজ করছে। মেরামত এবং প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই ফ্লাইটটির পরবর্তী যাত্রার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার অবতরণের সময় উড্ডয়নক্ষমতা কমিয়ে গতি নিয়ন্ত্রণে সহায়তা করে। উড্ডয়নের বিভিন্ন পর্যায়েও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে স্পয়লারে ত্রুটি দেখা দিলে নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও মেরামত সম্পন্ন করা জরুরি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ ত্রুটির বিষয়টি নিশ্চিত করে জানান, উড়োজাহাজটি সচল করতে প্রকৌশলীরা কাজ করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









