ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে বিএনপি—এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন। তার দাবি, নির্বাচনে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে এবং প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে বলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন, তা অসত্য। তার ভাষ্য, এ ধরনের বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা হচ্ছে।
নির্বাচনের দিনের পরিস্থিতি তুলে ধরে জামায়াতের এই নেতা অভিযোগ করেন, সাধারণ ভোটারদের সরাসরি ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে এবং পুরো এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। নির্বাচনের আগেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও মনস্তাত্ত্বিক ভয় তৈরি করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
বিএনপির প্রার্থীর পরিবারের প্রসঙ্গ টেনে গোলাম পরওয়ার আরও বলেন, প্রার্থীর বড় ভাই রাষ্ট্রপতির পদে থাকার সুযোগ নিয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ ভোটারদের প্রভাবিত করা হচ্ছে।
ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, ব্যালট পেপারের মুড়িতে আগেই সিল ও স্বাক্ষর দিয়ে রাখা হয়েছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই না করেই পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তারা নিরপেক্ষতা বজায় না রেখে একটি দলের পক্ষে কাজ করছেন বলেও অভিযোগ করেন তিনি।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। এর আগে বুধবার দুপুর থেকে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









