সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াতে ইসলামী সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ডেমরার নবী টাওয়ারে বিএনপির প্রয়াত নেতা সালাহউদ্দিন আহমেদ ও সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, অতীতে বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক সংকটের সময় জনগণের সঙ্গে প্রতারণার মতো এবারও নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে জামায়াত। তাঁর দাবি, সুনির্দিষ্ট অভিযোগ বা কারও নাম উল্লেখ না করে নির্বাচনের শেষ মুহূর্তে মনগড়া অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে মানুষের কাছে হেয় করাই এর লক্ষ্য। তবে জনগণ সচেতন হওয়ায় এসব অপপ্রচার চালিয়ে সফল হওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে টানা ১৭ বছর ধরে চলা আন্দোলন-সংগ্রামে সালাহউদ্দিন আহমেদ ছিলেন আপসহীন ও আদর্শবান নেতা।
রিজভীর ভাষ্য, শত শত ভুয়া মামলা, রিমান্ডের নামে শারীরিক ও মানসিক নির্যাতন এবং কারাবাসের কারণে সালাহউদ্দিন আহমেদের স্বাস্থ্য ভেঙে পড়েছিল। তাঁকে চিকিৎসা থেকে বঞ্চিত করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, শুধু সালাহউদ্দিন আহমেদ নন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বহু নেতাকর্মীও একইভাবে পরিকল্পিত নিপীড়নের শিকার হয়েছেন।
ঢাকা-৫ সংসদীয় আসনের প্রধান সমন্বয়কারী নবীউল্লাহ নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা শেষে প্রয়াত সালাহউদ্দিন আহমেদ ও বাদল সরদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









