সমাজকল্যাণ, শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘‘ছাত্রদল নেতা শাকিল হত্যার বিচার না হলে তরুণ প্রজন্মের ছাত্ররা রাজনীতিতে উৎসাহিত হবে না।’’
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে শাকিল ইসলামের কবর জিয়ারতে গিয়ে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, ২৪-এর আন্দোলনে শাকিলের ভূমিকা ছিল প্রশংসনীয়। তার দক্ষ নেতৃত্ব অনেকেই সহজভাবে মেনে নিতে পারেনি। এ কারণে তাকে জীবন দিতে হয়েছে।
তিনি বলেন, ‘‘শাকিল হত্যার ঘটনায় কোনো ভাঙচুর করা যাবে না। এ হত্যাকাণ্ডের ঘটনা যেন ভিন্নখাতে প্রবাহিত না হয়, আমাদের সে চেষ্টা থাকবে।’’
তিনি আরও জানান, হামলার সাথে যারাই জড়িত থাকুক, তারা যত প্রভাবশালীই হোক সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
শাকিলের বাবা রবিউল করিম বলেন, ‘‘আমার ছেলে হত্যার উপযুক্ত বিচার চাই। কিন্তু পুলিশ আমার দেওয়া আসামিদের নাম বাদ দিয়ে অজ্ঞাতনামা মামলা দিয়েছে। এজন্য বিচার পাওয়া নিয়ে শঙ্কায় আছি।’’ তিনি দ্রুত ছেলে হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
এ সময় নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান চৌধুরী ও মিজানুল হক ডিউক, জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে শাকিলের ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে হেলমেট পরা দুই যুবক। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে এবং পরে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সোমবার (২৬ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









