পাবনার আতাইকুলার পুষ্পপাড়া হাটের মধ্যে গুলিতে নিহত হয়েছেন বিএনপি নেতা রিপন হোসেন (৪০) ও হাটের ইজারাদার আব্দুস সালাম (৫০)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় হাটের খাজনা আদায় শেষে বৈঠক করার সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।
নিহত রিপন হোসেন আতাইকুলা থানার ধর্মগ্রামের মৃত ওমেদ আলীর ছেলে। তিনি পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন। অপর নিহত আব্দুস সালাম একই এলাকার মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে। তিনি পুষ্পপাড়া হাটের ইজারাদার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার হাটের খাজনা আদায় শেষে সন্ধ্যায় ইজারাদারের কক্ষে বসে বৈঠক করছিলেন রিপন ও সালাম। এ সময় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত সেখানে গিয়ে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলির শব্দে হাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
হাটের মতো জনসমাগমপূর্ণ স্থানে এ জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
হত্যাকাণ্ডের কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









