কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক, প্রকৃতিবিষয়ক গবেষক আহমেদ গিয়াস আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কক্সবাজারের সাংবাদিক সমাজ।
এক শোকবার্তায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আহমেদ গিয়াস ছিলেন নির্লোভ, নিভৃতচারী, সৎ, সাহসী ও নির্ভীক সাংবাদিক। মৃত্যুর আগপর্যন্ত তিনি চট্টগ্রামের প্রাচীন সংবাদপত্র দৈনিক আজাদীর কক্সবাজারের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাক, যায়যায়দিনসহ জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। দীর্ঘদিন তিনি স্থানীয় দৈনিক কক্সবাজার পত্রিকায়ও কর্মরত ছিলেন।
সাংবাদিকতার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ নিয়ে গবেষণাধর্মী প্রতিবেদন তৈরিতে বিশেষ পরিচিতি ছিল আহমেদ গিয়াসের। সমুদ্রের বালুচর, বালুচরের সাগরলতা, সামুদ্রিক বর্জ্য, পাহাড়-পর্বত, পাখি ও বানরের জীবনযাপন নিয়ে তার অসংখ্য প্রতিবেদন পাঠকমহলে সমাদৃত হয়েছিল। প্রকৃতি ও পরিবেশের নানা বিষয়কে অনুসন্ধানী দৃষ্টিতে তুলে ধরে তিনি কক্সবাজারের সাংবাদিকতায় স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন।
ব্যক্তিজীবনে নানা অভাব-অনটনের মধ্য দিয়ে দিন কাটিয়েছেন এই সাংবাদিক। কক্সবাজারের কলাতলীর দরিয়ানগর এলাকায় একটি ছড়ার তীরে জরাজীর্ণ ঘরে বসবাস করতেন তিনি। আহমেদ গিয়াস তিন পুত্রসন্তানের জনক। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









