দীর্ঘ ২২ দিনের অপেক্ষা শেষে নদী ও সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন নোয়াখালীর হাতিয়ার জেলেরা। মা ইলিশ সংরক্ষণে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মধ্যরাত থেকেই মাছ ধরতে নামার পরিকল্পনা করছেন তারা। ঘাটে ঘাটে চলছে নৌকা মেরামত, জাল গোছানো, ইঞ্জিন পরীক্ষা ও জ্বালানি সংগ্রহের কাজ।
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে মাছ ধরার প্রস্তুতিতে সরব হয়ে উঠেছে জেলেপল্লি। তবে নিষেধাজ্ঞার সময় আয় বন্ধ থাকায় অনেক জেলে পরিবারকে এখনো সামলাতে হচ্ছে ঋণ ও অভাবের চাপ।
গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞার কারণে হাতিয়ার জেলেরা টানা ২২ দিন মাছ ধরা থেকে বিরত ছিলেন। মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করা এবং ইলিশের উৎপাদন বাড়ানোই ছিল এ কর্মসূচির উদ্দেশ্য।
হাতিয়ার সূর্যমুখী ঘাটে দেখা গেছে, নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই মাছ ধরার সরঞ্জাম প্রস্তুত করতে ব্যস্ত জেলেরা। কেউ নৌকার মেরামত করছেন, কেউ জালের ছেঁড়া অংশ ঠিক করছেন, আবার কেউ ইঞ্জিন সচল রাখার কাজে ব্যস্ত। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে রাতেই নদী ও সাগরের উদ্দেশে রওনা হওয়ার অপেক্ষায় রয়েছেন তারা।
দীর্ঘ বিরতির পর মাছ ধরার সুযোগ ফিরে পাওয়ায় তাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তবে কাঙ্ক্ষিত পরিমাণ মাছ পাওয়া নিয়ে অনিশ্চয়তাও রয়েছে।
সূর্যমুখী ঘাটের জেলে পারভেজ জানান, ২২ দিন মাছ ধরতে না পারায় তারা বাড়িতে বসে ছিলেন। এখন আবার সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। নৌকা, জাল ও ইঞ্জিনের প্রয়োজনীয় কাজ শেষ করার পাশাপাশি জ্বালানি সংগ্রহ করছেন। দীর্ঘদিন পর মাছ ধরতে পারলে সংসারের কষ্ট কিছুটা লাঘব হবে বলে আশা করছেন তিনি।
একই ঘাটের জেলে নোমান মাঝি পরিবারে সদস্য আটজন। তার ভাষ্য, নিষেধাজ্ঞার পুরো সময়ে পরিবারের আয় বন্ধ ছিল। সরকারি সহায়তা হিসেবে ২৫ কেজি চাল পেলেও তা দিয়ে সংসারের সব প্রয়োজন মেটানো সম্ভব হয়নি। খাবারের পাশাপাশি অন্যান্য খরচ চালাতে তাকে ধারদেনা করতে হয়েছে। এখন নদী ও সাগরে মাছ ধরতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। ভালো মাছ পাওয়া গেলে ঋণের চাপ কমানোর পাশাপাশি পরিবারের প্রয়োজন মেটাতে পারবেন বলে আশা তার।
জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় পাওয়া সরকারি সহায়তা তাদের প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না। মাছ ধরা বন্ধ রেখে ইলিশ সংরক্ষণে ভূমিকা রাখলেও সংসার চালানোর জন্য অনেককে ঋণের ওপর নির্ভর করতে হয়েছে। তাঁদের দাবি, ভবিষ্যতে নিষেধাজ্ঞার সময় খাদ্যসহায়তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের সুযোগ বাড়ানো প্রয়োজন, যাতে মাছ ধরা বন্ধ থাকলেও পরিবারগুলো ন্যূনতম চাহিদা পূরণ করতে পারে।
দীর্ঘ ২২ দিনের বিরতি শেষে নতুন করে জীবিকার লড়াই শুরু করতে যাচ্ছেন হাতিয়ার জেলেরা। তাদের আশা, জালভরা মাছ নিয়ে ঘাটে ফিরতে পারলে অভাবের চাপ কমবে, স্বস্তি ফিরবে পরিবারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









