পটুয়াখালীর বাউফলে সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের হুমকি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা এবং নদ-নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল পৌরসভার সাধারণ সম্পাদক নুরুল আমীন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি রুহুল আমীন।
সভায় উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের নিরাপত্তা, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা এবং নদ-নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধারের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন কমিটির সদস্যরা।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









