ঝিনাইদহের মহেশপুরে কৃষকদের সারের কার্ড ভাগাভাগি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার জিতারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে জিতারপুর গ্রামের নুর ইসলামের ছেলে রিপন হোসেনের সঙ্গে একই গ্রামের হাদান মণ্ডলের ছেলে মইদুল ইসলামের সারের কার্ড নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।
স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান, সারের কার্ড নিয়ে জিতারপুর গ্রামে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০-১২ জন আহত হয়েছে শুনেছি।
পুলিশ জানিয়েছে, আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, সারের কার্ড নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে উভয় পক্ষের লোকজন আহত হয়, আহত একজনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকা এখন স্বাভাবিক আছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









