নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) উপজেলার হলুদঘর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় পৃথক দুটি মামলায় তাঁদের এ সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নলডাঙ্গা রেল কলোনি এলাকার মৃত রবি চন্দ্রের ছেলে পলাশ চন্দ্র (৩০) এবং হলুদঘর গ্রামের মো. সাইদুল রহমানের ছেলে রতন ইসলাম (২৬)। তাঁদের মধ্যে পলাশ চন্দ্রকে দুই মাস এবং রতন ইসলামকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হাসান মাহমুদ। এ ছাড়া নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার জাহানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, মাদকমুক্ত সমাজ গঠন, মাদকের অপব্যবহার ও বিস্তার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









