সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে শনিবার (৩১ অক্টোবর) সমাবেশের ডাক দিয়েছেন সাংবাদিকেরা। ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাদের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে হামলার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে। পাশাপাশি সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।
যৌথ সভায় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আধুনিক কাগজ সম্পাদক মঈন উদ্দিন, ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির লিটন ও সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বী এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেটভিউটোয়েন্টিফোরডটকমের সম্পাদক শাহ দিদার আলম নবেল।
সমাবেশে সিলেটের সব সাংবাদিক সংগঠনের নেতা ও গণমাধ্যমকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









