ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন সমানে সমান লড়াইয়ে শেষ করেছে বাংলাদেশ। দিনের শুরুতে ভালো খেললেও লাঞ্চের ঠিক আগে নাঈম হাসানের আঘাতে ম্যাচে ফিরেছে স্বাগতিকরা। লাঞ্চ বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ২১৩ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে এখনো ৫৯ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।
দিনের শুরুতে তেজনারায়ণ চন্দরপল ফিফটি পূর্ণ করেন। টেস্ট ক্যারিয়ারে এটি তার তৃতীয় অর্ধশতক। জাস্টিন গ্রিভসের সঙ্গে তার জুটিতে যোগ হয় ৫৭ রান। ১৮২ বলে ৫৬ রান করে শরীফুল ইসলামের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন চন্দরপল।
এরপর ব্যাটিংয়ে নামেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রস্টন চেজ। জাস্টিন গ্রিভসকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে রান তুলতে থাকেন তিনি। ২৭ রানে থাকা চেজ একবার জীবনও পান। নাঈম হাসানের ৭৩তম ওভারের চতুর্থ বলটি বেশি বাউন্স নিয়ে ভেতরে ঢুকে যায়। সামনে ঝুঁকে বলটি ঠেকাতে গেলে ব্যাটের কানায় লেগে সেটি উঠে যায় শর্ট লেগে। সেখানে মুমিনুল হক ডান দিকে ঝাঁপিয়ে দুই হাতে বলটি ধরার চেষ্টা করলেও সফল হননি।
তবে লাঞ্চের ঠিক আগে সেই নাঈমই বাংলাদেশকে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেন। ছন্দে থাকা জাস্টিন গ্রিভসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ৪৬ রান করে ফেরেন গ্রিভস। তার উইকেট পতনের মধ্য দিয়েই শেষ হয় দিনের প্রথম সেশন।
এই সেশনে দুটি উইকেট পেয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে লিড নিতে হলে দ্রুত ওয়েস্ট ইন্ডিজের বাকি চার উইকেট তুলে নিতে হবে স্বাগতিকদের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









