জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক কারবারে জড়িত থাকার সন্দেহে অভিযুক্ত এক ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাকে পলাতক দেখানো হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা।
রবিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বালিঘাটা বাজার এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিজিবির ৩০ সদস্যের একটি দল এবং অধিদপ্তরের একটি দল যৌথভাবে এই অভিযান চালায়। এ সময় বালিঘাটা বাজার এলাকার বাসিন্দা মো. হাবিব মন্ডলের বাড়ির ভাড়াটিয়ার ব্যবহৃত একটি কক্ষ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মো. জামাল হোসেন (৫০) নামের এক ব্যক্তি ওই কক্ষটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তবে অভিযানের সময় তিনি উপস্থিত না থাকায় তাকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
অভিযান চলাকালে পাঁচবিবি উপজেলার কমিশনার মো. আমজাদ হোসেন, ওয়ার্ড সদস্য মো. আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার করা ইয়াবাগুলোর সিজার মূল্য ৮০ হাজার টাকা। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা এই মাদকদ্রব্য ধ্বংসের ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ইয়াবাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে জমা রাখা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









