‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুস সালাম পিন্টু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. খন্দকার সাঈদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামছুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. আবু তারেক।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে যুবকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের হাতে প্রশিক্ষণ সনদ ও ঋণের চেক তুলে দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









