দেশের একমাত্র ভূগর্ভস্থ উৎপাদনশীল পাথর খনি দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনিতে পাথর উত্তোলনে নতুন রেকর্ড সৃষ্টি করেছে খনি পরিচালনার দায়িত্বে থাকা জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। গত অক্টোবর মাসে দেড় লাখ মেট্রিক টনের বেশি পাথর উত্তোলন করে আগের সব মাসিক রেকর্ড ছাড়িয়ে গেছে প্রতিষ্ঠানটি।
খনি সূত্রে জানা গেছে, জিটিসির সঙ্গে দ্বিতীয় দফায় চুক্তির পর থেকেই পাথর উত্তোলনে ধারাবাহিক অগ্রগতি হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত অক্টোবর মাসে ছুটির দিন বাদে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টনের বেশি পাথর উত্তোলন করা হয়েছে। দৈনিক গড় উৎপাদন ছিল প্রায় ৬ হাজার মেট্রিক টন।
খনি সংশ্লিষ্টরা জানান, জিটিসির বিদেশি খনি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে। উৎপাদনের এ ধারাবাহিকতা দেশের অবকাঠামো উন্নয়নে স্থানীয়ভাবে পাথরের সরবরাহ বাড়ানোর পাশাপাশি আমদানিনির্ভরতা কমাতে ভূমিকা রাখবে।
১৯৭৩-৭৪ সালে মধ্যপাড়া কঠিন শিলা খনি আবিষ্কৃত হয়। ১৯৯৪ সালের ২০ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরবর্তীতে ২০০৭ সালের ২৫ মে খনিটি থেকে বাণিজ্যিকভাবে পাথর উত্তোলন শুরু হয়। শুরুতে দৈনিক মাত্র ৪০০ থেকে ৫০০ মেট্রিক টন পাথর উত্তোলন করা হলেও বর্তমানে জিটিসির ব্যবস্থাপনায় উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
খনি সূত্র আরও জানায়, বর্তমানে খনির বিভিন্ন স্থানে বিভিন্ন আকারের প্রায় ১৫ লাখ ৩০ হাজার মেট্রিক টন পাথর মজুদ রয়েছে। মাসিক উৎপাদনের নতুন নতুন রেকর্ড এবং পাথর বিক্রি বৃদ্ধি পাওয়ায় খনিটির বাণিজ্যিক সম্ভাবনাও বাড়ছে। দেশীয় পাথরের ব্যবহার বৃদ্ধি পেলে বিদেশ থেকে পাথর আমদানিতে ব্যয় হওয়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব হবে।
এ বিষয়ে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন বলেন, আমদানি করা পাথরের দামের সঙ্গে সমন্বয় করে খনির উৎপাদিত পাথরের মূল্য কমানো হয়েছে। এতে খনির পাথর বিক্রি বেড়েছে। জিটিসির মাধ্যমে পাথর উৎপাদনে নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে।
খনির উৎপাদন ও উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন খনি শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের প্রত্যাশা, উৎপাদন বৃদ্ধি এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে মধ্যপাড়া পাথর খনি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









