যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার এক কলেজছাত্রীকে দীর্ঘদিন ধরে হয়রানি, শারীরিক নির্যাতন, যৌন নিপীড়নের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ছাত্রী কাজল রেখা।
রোববার (১ নভেম্বর) প্রেসক্লাব যশোরে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি। কাজল রেখা শার্শার বাগআঁচড়া (ঘোপপাড়া) গ্রামের জালাল হোসেনের মেয়ে। তিনি বর্তমানে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের ছাত্রী।
লিখিত বক্তব্যে কাজল রেখা অভিযোগ করেন, স্থানীয় একটি মাদকচক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করে আসছে। কলেজে যাওয়া-আসার পথে তাকে কটূক্তি, শারীরিকভাবে লাঞ্ছিত এবং কাপড় টেনে ধরে অপমান করার চেষ্টা করা হয়। প্রতিবাদ করলে মারধর ও ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, গত ২৮ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে বাজারে যাওয়ার পথে বাড়ির সামনে অভিযুক্ত ইমন হোসেন তার পথরোধ করেন। এ সময় তার গায়ের ওড়না জোর করে টেনে নেওয়া এবং জড়িয়ে ধরার চেষ্টা করা হয়। বাধা দিলে তাকে মারধর ও ধর্ষণের হুমকি দেওয়া হয়। পরে তিনি বাড়িতে আশ্রয় নেন।
কাজল রেখা জানান, ওই ঘটনায় ২৮ অক্টোবর ইমন হোসেনকে প্রধান আসামি করে শার্শা থানায় অভিযোগ দিয়েছেন। তবে তার দাবি, এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযুক্ত ইমন এলাকা ছেড়ে চলে গেছেন বলেও তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, একই এলাকার আলী আহমদ (৫৫) দীর্ঘদিন ধরে তাদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। এ নিয়ে বিরোধের জেরে তাদের গ্রামছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে। এসব ঘটনার কারণে তার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং পরিবারের সদস্যরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
লিখিত বক্তব্যে কাজল রেখা ইমন হোসেন (২৬), আলী আহমদ (৫৫) ও আবুর হোসেনের (৬০) বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তিনি প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









