খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড মোকাবিলা ও ক্ষয়ক্ষতি কমাতে ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ ও মহড়া পরিচালনা করেছে ফায়ার সার্ভিস।
রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় দীঘিনালা ফায়ার সার্ভিসের উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার এবং আগুন নেভানোর প্রাথমিক কৌশল হাতে-কলমে দেখানো হয়।
মহড়ায় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রূপক কান্তি সরকার আগুন লাগলে আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।
এ সময় দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. জাহিদ হাসান জয় বলেন, এ ধরনের প্রশিক্ষণ ব্যবসায়ীদের অগ্নিকাণ্ড মোকাবিলায় বাস্তব অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বাড়াবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতেও সহায়ক হবে।
উল্লেখ্য, বোয়ালখালী বাজারে অতীতে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্য, বাজার পরিচালনা কমিটির সভাপতি সুভাষ সাহা, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, কমিটির সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









