রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

যশোরে প্রকাশ্য কুপিয়ে হামলার শিকার সাবেক কাউন্সিলরের মৃত্যু

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯ এএম

আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯ এএম

যশোরে প্রকাশ্য কুপিয়ে হামলার শিকার সাবেক কাউন্সিলরের মৃত্যু

যশোরের চৌগাছায় প্রকাশ্য সন্ত্রাসী হামলায় গুরুতর আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর শাহিনুর রহমান (৪৫) অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। টানা আট দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। নিহত শাহিনুর রহমান চৌগাছা পৌরসভার কুঠিপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা ছিলেন। স্থানীয় রাজনীতিতে সক্রিয় ও পরিচিত মুখ হিসেবে তার ওপর এ ধরনের প্রকাশ্য হামলা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, গত ১৬ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে কুঠিপাড়া এলাকায় একটি দোকানে বসে থাকা অবস্থায় একদল সন্ত্রাসী হঠাৎ করে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় হামলাকারীরা। দিনের আলোয় জনসমক্ষে এমন নৃশংস হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।

শাহিনুর রহমানের নিকট আত্মীয় নাট্যকার আনিছুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় আইনগত অগ্রগতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, মৃত্যুর বিষয়ে তাদের কাছে এখনো আনুষ্ঠানিক বার্তা পৌঁছায়নি।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.