কারও সঙ্গে নতুন পরিচয়, সাবলীল কথোপকথন, এরপর তার পরবর্তী বার্তার অপেক্ষা—এভাবেই কখনো কখনো নতুন সম্পর্কের প্রতি আগ্রহ তৈরি হয়। মাত্র কয়েক দিনের পরিচয়েই মনে নানা কল্পনা দানা বাঁধতে পারে। নতুন কারও প্রতি আকর্ষণ অনুভব করা স্বাভাবিক। তবে আবেগে বেশি জড়িয়ে পড়ার আগে মানুষটিকে ভালোভাবে বোঝার জন্য সময় নেওয়া জরুরি।
প্রাথমিক কথাবার্তার বাইরে তার আচরণ, চিন্তাভাবনা ও সম্পর্কের প্রত্যাশা সম্পর্কে ধারণা নেওয়া প্রয়োজন। নতুন সম্পর্কে জড়ানোর আগে যে পাঁচটি বিষয় খেয়াল রাখা উচিত, সেগুলো তুলে ধরা হলো।
কথার সঙ্গে কাজের মিল আছে কি না
কেউ হয়তো বললেন, আপনার সঙ্গে আবার দেখা করতে চান কিংবা আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগে। কিন্তু তিনি কি নিয়মিত যোগাযোগ রাখেন? কথা অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করেন? শুধু প্রতিশ্রুতি বা মিষ্টি কথায় মুগ্ধ না হয়ে তার কাজের দিকে নজর দিন। কারণ একজন মানুষের ধারাবাহিক আচরণ তার সম্পর্কে অনেক বেশি ধারণা দেয়।
আপনার ব্যক্তিগত সীমানাকে সম্মান করেন কি না
আপনি কোনো বিষয়ে দ্বিমত পোষণ করলে কিংবা কোনো প্রস্তাবে ‘না’ বললে তিনি কীভাবে প্রতিক্রিয়া দেখান, তা খেয়াল করুন। আপনার সিদ্ধান্তকে সম্মান করেন, নাকি মত পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করেন? ব্যক্তিগত সীমানার প্রতি তার দৃষ্টিভঙ্গি থেকে মানুষটির মানসিকতা সম্পর্কে অনেক কিছু জানা যায়।
তার সামনে নিজের মতো থাকতে পারেন কি না
কাউকে পছন্দ হলে তাকে মুগ্ধ করার চেষ্টা করা স্বাভাবিক। তবে তার আগ্রহ ধরে রাখতে নিজের অপছন্দের কিছু করা কিংবা নিজের মতামত লুকিয়ে রাখা উচিত নয়। তার সামনে নিজের অনুভূতি ও চিন্তাভাবনা প্রকাশ করতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন, তা বোঝার চেষ্টা করুন। নতুন পরিচয়ে কিছুটা অস্বস্তি থাকতেই পারে। তবে সব সময় তার বিচার বা নেতিবাচক প্রতিক্রিয়ার ভয় নিয়ে চলা স্বাস্থ্যকর নয়।
সম্পর্ক নিয়ে দুজনের প্রত্যাশা এক কি না
আপনি হয়তো দীর্ঘস্থায়ী ও প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্ক চান, কিন্তু অন্য ব্যক্তি চাইতে পারেন সাময়িক বা হালকা সম্পর্ক। এতে কেউ ভুল নন। তবে প্রত্যাশার এই পার্থক্য উপেক্ষা করলে ভবিষ্যতে হতাশ হতে পারেন। তাই একে অপরকে জানার সময় সম্পর্ক নিয়ে দুজনের প্রত্যাশা ও ভাবনা খোলাখুলিভাবে আলোচনা করুন। অনুমানের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবেন না।
মানুষটিকে পছন্দ করছেন, নাকি তাকে নিয়ে নিজের কল্পনাকে
কখনো কখনো কাউকে ভালোভাবে জানার আগেই তাকে নিয়ে ভবিষ্যতের নানা কল্পনা শুরু হয়ে যায়। তার রসবোধ কিংবা তার সঙ্গে সময় কাটানোর অনুভূতি ভালো লাগতে পারে। কিন্তু মতের অমিল হলে তিনি কেমন আচরণ করেন, সম্পর্ক নিয়ে তার প্রত্যাশা কী—এসব বিষয় হয়তো তখনো আপনার অজানা। তাই তাড়াহুড়ো করে কাউকে জীবনে বিশেষ জায়গা দেওয়ার আগে তাকে জানার জন্য সময় নিন। সম্পর্কের শুরুটা উপভোগ করুন, তবে বাস্তবতা বুঝে এগিয়ে যান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









