পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফন-কাফনে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডে অবস্থিত মুক্তিযোদ্ধা সদর উপজেলা কমান্ড কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, গাইবান্ধা সদর উপজেলা কমান্ডের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম খোকা। এতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন সরকার, খয়বর হোসেন মাস্টার, সাইফুল ইসলাম সাজা, আশরাফুল আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফন-কাফনের মতো ধর্মীয় ও সামাজিকভাবে মর্যাদাপূর্ণ আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে দেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি।
তাঁরা আরও বলেন, মুক্তিযোদ্ধাদের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান তাঁরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









