নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) তিন দিনব্যাপী ‘বিএইউএসটি ইইই ফেস্ট ২০২৬’ শুরু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও কেক কেটে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে এ উৎসবে শিক্ষার্থীদের জন্য কুইজ, গেমিং, ট্রেজার হান্ট, কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। পাশাপাশি জাতীয় পর্যায়ে সার্কিট অলিম্পিয়াড, প্রজেক্ট প্রদর্শনী, কারিগরি পোস্টার উপস্থাপনা, রোবোটিকস প্রতিযোগিতা, রোবো সকার ও লাইন ফলোয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এসব প্রতিযোগিতায় বিএইউএসটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘‘এ উৎসব শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞান বাস্তবে প্রয়োগের সুযোগ তৈরি করবে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের ফলে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও যোগাযোগ বাড়বে। পাশাপাশি দলগত কাজ, নেতৃত্ব, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশেও এ আয়োজন ভূমিকা রাখবে।’’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি (অব.), ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আতিকুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, বিভাগ ও দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলবে এ উৎসব। আয়োজনের সার্বিক দায়িত্বে রয়েছেন ইইই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোছা. রুবিনা আক্তার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









