পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
রবিবার (১ নভেম্বর) দিবাগত রাতে বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুন্ডুপট্টি এলাকায় শাওন জুয়েলার্সের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী দীর্ঘদিন ধরে কুন্ডুপট্টি এলাকার সড়কের পাশে একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন। রাতের কোনো এক সময় অজ্ঞাত একটি যান তার দুই পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কের পাশে পড়ে থাকেন।
বাউফল পৌরসভার সুপারভাইজার আল-আমিন জানিয়েছেন, সকালে একজন ফোন করে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে যান। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আহত নারীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ওই নারীর পরনের জামাকাপড় ময়লা ও নোংরা থাকায় তিনি নতুন জামাকাপড় কিনে দেন। পরে জানতে পারেন, চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা গেছেন।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেছেন, ‘‘সকালে ফায়ার সার্ভিস সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে আসে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পরে তার মৃত্যু হলে পুলিশকে অবহিত করা হয়। পুলিশ এসে তদন্ত শুরু করেছে।’’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেছেন, ‘‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সিআইডির কাছে আঙুলের ছাপ শনাক্তের প্রযুক্তি রয়েছে। তার ডিজিটাল জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন থাকলে আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করা সম্ভব হতে পারে।’’
তিনি বলেন, ‘‘কোন যানবাহনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









