নাটোরের নলডাঙ্গায় গাছের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কা লেগে চালকসহ পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) দুপুরে নলডাঙ্গা থানাধীন ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ত্রিমোহনী ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন অটোরিকশাচালক মো. রাব্বি (২৭), মো. রায়হান (৩৮), মো. বিপ্লব (২৬), মো. শরিফুল ইসলাম, (২৭), মো. হাফিজুল ইসলাম (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে নাটোর থেকে অটোরিক্সা করে চালক ও যাত্রীরা নলডাঙ্গার দিকে আসছিলেন। পথিমধ্যে ত্রিমোহনী ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি আম গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ৫ জন গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নলডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সকলকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের প্রথমে নলডাঙ্গা হাসপাতালে পাঠানো হয় এরপর প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









