বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে এ বিষয়ে কোনো উত্তেজনা নয়, কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমঝোতায় পৌঁছাতে চায় সরকার।
সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজসহ চুক্তিটি নবায়ন বা সংশোধনের বিষয়ে যৌথ নদী কমিশনের মাধ্যমে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের গঠিত নেগোসিয়েশন কমিটি এ প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। ভারত সঠিক ও ফলপ্রসূ সিদ্ধান্ত নেবে, যা বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ‘গঙ্গা চুক্তি না হলে ভারতীয় পণ্য প্রবেশ করতে দেওয়া হবে না’—এমন মন্তব্যের বিষয়ে শামা ওবায়েদ বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বৈরিতা বা মতপার্থক্য তৈরি হলেও আলোচনার টেবিলে বসতে হবে। আলোচনার মাধ্যমেই সমাধানের পথ খুঁজতে হবে।
এদিকে বিশ্ব জলবায়ু সম্মেলন কপকে সামনে রেখে তুরস্কের আঙ্কারায় দুই দিনের উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিমন্ত্রী জানান, সেখানে বাংলাদেশ ঋণের পরিবর্তে জলবায়ু তহবিল থেকে অনুদান এবং শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশগুলোর জবাবদিহি নিশ্চিতের দাবি জোরালোভাবে তুলে ধরবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অর্জন ও ভবিষ্যৎ করণীয়ও বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, এ নিয়ে রিয়াদের কাছ থেকে এখনো নতুন কোনো বিস্তারিত তথ্য বা প্রাতিষ্ঠানিক বার্তা পায়নি ঢাকা।
নিজের সদ্য সমাপ্ত স্পেন সফর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, মাদ্রিদের ব্যবসায়ী সংগঠন ও উদ্যোক্তাদের সঙ্গে সেখানে সফল আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের পাটশিল্পসহ বিভিন্ন বিকাশমান খাতে যৌথ বিনিয়োগে স্পেনের ব্যবসায়ীরা গভীর আগ্রহ দেখিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









