রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সৈয়দপুরে রোজাদারদের জন্য ৩০ টাকায় মুরগির বিরিয়ানি, উপচেপড়া ভিড়

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ এএম

আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ এএম

সৈয়দপুরে রোজাদারদের জন্য ৩০ টাকায় মুরগির বিরিয়ানি, উপচেপড়া ভিড়

নীলফামারীর সৈয়দপুরে রমজান উপলক্ষে রোজাদারদের জন্য মাত্র ৩০ টাকায় মুরগির বিরিয়ানি বিক্রি করছেন এক দোকানি। এতে ওই বিরিয়ানি নিতে দুপুর থেকে দোকানে উপচেপড়া ভিড় জমছে।

রমজান এলেই যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, ঠিক সেই সময়ে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছে সৈয়দপুর শহরের হানিফ মোড় এলাকার শেখ জামিল হোটেল। মাত্র ৩০ টাকায় মুরগি বিরিয়ানি বিক্রির ঘোষণার পর থেকেই প্রতিদিন দুপুর গড়াতে না গড়াতেই হোটেলের সামনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

শহরের প্রাণকেন্দ্র হানিফ মোড় এলাকায় অবস্থিত এই হোটেলটিতে প্রতিদিন রিকশাচালক, দিনমজুর, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী, পথচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষের আনাগোনায় পুরো এলাকা হয়ে উঠছে মুখরিত। স্বল্প আয়ের মানুষের জন্য সাধ্যের মধ্যে মানসম্মত খাবার পাওয়ার এমন সুযোগ রমজানে অনেকের জন্য স্বস্থির বার্তা হয়ে এসেছে।
হোটেলটির মালিক শেখ জামিল (৬২) জানান, রমজান মাসকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে মুরগি বিরিয়ানি রান্না করা হয় এবং যতক্ষণ মজুত থাকে, ততক্ষণই বিক্রি করা হয়। দুপুরের দিকেই ক্রেতাদের দীর্ঘ লাইন চোখে পড়ে। তিনি আরও বলেন, ১১ মাস আমরা ব্যবসা করি নিজের ও পরিবারের জন্য। কিন্তু এই একটি মাস আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে চাই। এই মাসে লাভের চিন্তা করি না। বিশ্বাস করি, আল্লাহ তাআলা অন্যভাবে আমাদের পূরণ করে দেবেন। মাত্র ৩০ টাকায় পরিবেশন করা এই বিরিয়ানিতে দেওয়া হচ্ছে তিন/চার পিস করে ব্রয়লার মুরগির মাংস, যা বর্তমান বাজার পরিস্থিতিতে অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছে।

বিরিয়ানি নিতে আসা দিন মজুর কাউসার হোসেন জানান, বাসায় ৫ জন আছে। রমজানের প্রথম দিন এখান থেকেই দুই টাকা করে ইফতার নিচ্ছি এবং রাতের খাবারের জন্য ৫ প্যাকেটি বিরিয়ানি নিয়েছি প্রতি প্যাকেট ৩০ টাকা করে। এতে বাসায় রান্না করার ঝামেলা থাকছে না। খুব কম দামে ইফতার আর খাবার পাচ্ছি বলে আমাদের মত দিন মজুরদের অনেক উপকার হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ জামিল হোটেলের এই মানবিক উদ্যোগের প্রশংসা করছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
সচেতন মহলের মতে, রমজানের পবিত্রতা ও আত্মশুদ্ধির শিক্ষা শুধু ইবাদতেই সীমাবদ্ধ নয়—সহমর্মিতা, ত্যাগ ও মানবিকতার মধ্যেই রমজানের প্রকৃত তাৎপর্য নিহিত

সৈয়দপুরের শেখ জামিল হোটেলের এমন উদ্যোগ সেই মানবিক শিক্ষাকেই নতুন করে সামনে নিয়ে এসেছে।
রমজানে ৩০ টাকার মুরগি বিরিয়ানি শুধু একটি খাবার নয়, এটি নিম্ন আয়ের মানুষের প্রতি সহানুভূতির এক উজ্জ্বল দৃষ্টান্ত যা সৈয়দপুরবাসীর কাছে ইতিবাচক ও অনুপ্রেরণামূলক বার্তা ছড়িয়ে দিচ্ছে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.