গোপালগঞ্জের কাশিয়ানীতে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকাসহ বি.এম. নাইমুর রহমান (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। এ সময় মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। অভিযানের সময় তাঁর সঙ্গে থাকা মো. রাজু শেখ (২৭) নামে আরেক ব্যক্তি পালিয়ে যান।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোপা এলাকার মাজরা বাজার সরকারি মার্কেটের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
এসআরবি-৬-এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাজরা বাজার থেকে বিশ্বরোডগামী সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন নাইমুর রহমানকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় আটক নাইমুর রহমান ও পলাতক রাজু শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাশিয়ানী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
এসআরবি-৬ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও উদ্ধার করা আলামত কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক রাজু শেখকে আটকের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









