জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে ঢাকা থেকে বরিশালগামী লঞ্চে অসুস্থ এক যাত্রীকে চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোররাত ২টার দিকে চাঁদপুরের লালপুর সংলগ্ন এলাকায় ‘এমভি এম খান-৭’ লঞ্চে ওই যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে লঞ্চের সুপারভাইজার কোস্ট গার্ডের জরুরি নম্বরে ফোন করেন।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি মেডিকেল টিম দ্রুত লঞ্চে পৌঁছে অসুস্থ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য কোস্ট গার্ডের বোটে তাঁকে চাঁদপুর লঞ্চঘাটে আনা হয়। সেখান থেকে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বেসরকারি অ্যাম্বুলেন্সে করে তাঁকে শ্যামলী কিডনি হাসপাতালে পাঠানো হয়।
মঙ্গলবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, জনগণের যেকোনো দুর্ভোগ ও জরুরি প্রয়োজনে সেবা দিতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









