পটুয়াখালীর দুমকিতে সাইফুল মুন্সি নামে এক কৃষকের খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে খড়ের গাদাটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ওই কৃষক।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের উত্তর পাংগাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক সাইফুল মুন্সি ওই গ্রামের বজলু মুন্সির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তাপস নামে এক ব্যক্তি সাইফুল মুন্সির খড়ের গাদায় আগুন জ্বলতে দেখেন। এ সময় তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। তাঁর ডাক শুনে সাইফুল মুন্সির পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে তাঁরা পানির মোটর ও স্থানীয়ভাবে পানি সংগ্রহ করে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একপর্যায়ে খড়ের গাদাটি সম্পূর্ণ পুড়ে যায়।
কে বা কারা কী কারণে খড়ের গাদায় আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কৃষক সাইফুল মুন্সি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









