যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় একটি বসতবাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় লাল টেপে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আরবপুরের খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকার আশিকুর রহমানের বসতবাড়ির খড়ির ঘরের পাশ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আশিকুর রহমানের স্ত্রী খড়ি রাখার স্থানের পাশে লাল টেপে মোড়ানো বস্তুটি পড়ে থাকতে দেখেন। পরে তিনি প্রতিবেশী বাচ্চু মিয়াকে বিষয়টি জানান। বাচ্চু মিয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমদাদুল হক ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বস্তুটি কী এবং কারা সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









