যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টার শিকার হয়েছেন এক নারী। এ ঘটনায় খাইরুন্নেসা নামে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি স্বর্ণের চেইন ও নগদ ১ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে হাসপাতালের করোনারি ভবনের ১৪ নম্বর বহির্বিভাগের কক্ষে এ ঘটনা ঘটে।
আটক খাইরুন্নেসা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার গড় মণ্ডল গ্রামের তবারকের স্ত্রী। ভুক্তভোগী হাসিনা বেগম (৪০) যশোর সদর উপজেলার রাজনগর সাড়াতলা গ্রামের মজিবরের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে চিকিৎসকের পরামর্শ নিতে করোনারি ভবনের ১৪ নম্বর বহির্বিভাগের কক্ষে যান হাসিনা বেগম। সেখানে তার গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে নেওয়ার চেষ্টা করেন খাইরুন্নেসা। বিষয়টি বুঝতে পেরে উপস্থিত লোকজন তাকে আটক করেন। পরে তার কাছ থেকে একটি স্বর্ণের চেইন ও নগদ ১ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আহসান কবির বাপ্পি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সরকারি মালামাল চুরির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









