কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম এলাকায় একটি পুকুর থেকে নিখোঁজ ভারতীয় নাগরিক ও মেডিকেল শিক্ষার্থী আদনান আলতাফের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) মরদেহটি পুকুরে ভেসে ওঠে। এর আগে সোমবার (২ নভেম্বর) রাতে বুড়িচংয়ের কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি।
নিহত আদনান আলতাফের বাবার নাম আলতাফ হোসাইন রাথার। তার বাড়ি ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বুনপাড়া, দাঙ্গালপাড়ায়।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাত ১১টা ৩৬ মিনিটে আদনান ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি ইন্ডিয়ান ফুড হোটেলে যান। পরে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন। এরপর তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়।
ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান কিছুটা মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তার নিখোঁজ হওয়ার ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ মোকাম এলাকার একটি পুকুরে তার মরদেহ ভেসে ওঠার খবর পাওয়া যায়।
কুমিল্লার বুড়িচং থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









