নাটোরের নলডাঙ্গায় তন্নী জুয়েলার্সের স্বত্বাধিকারী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় দেড় কোটি টাকার স্বর্ণালংকার আত্মসাৎ করে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বর্ণ ফেরত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নলডাঙ্গা পৌর শহরে তন্নী জুয়েলার্সের পাশের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করেন, তন্নী জুয়েলার্সের স্বত্বাধিকারী নিমাই তামেলী, তাঁর স্ত্রী চন্দনা রানীসহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে জুয়েলার্স ব্যবসার আড়ালে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। সম্প্রতি তাঁরা গ্রাহকদের জমানো প্রায় দেড় কোটি টাকার স্বর্ণালংকার নিয়ে এলাকা ছেড়ে চলে গেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
তাঁরা জানান, দীর্ঘদিনের সঞ্চয় ও কষ্টার্জিত অর্থ দিয়ে অনেকেই ওই জুয়েলার্সে স্বর্ণ জমা রেখেছিলেন। কিন্তু স্বর্ণ ফেরত না পেয়ে তাঁরা চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটে পড়েছেন। নিজেদের স্বর্ণ ফিরে পেতে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে তাঁরা মানববন্ধনে অংশ নিয়েছেন।
মানববন্ধন থেকে ভুক্তভোগীরা অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, আত্মসাৎ করা স্বর্ণালংকার উদ্ধার এবং তাঁদের পাওনা ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









