রজনীকান্তের ‘জেলার ২’ দেখতে এখনও প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন দর্শক। তারকা-খচিত এই ছবির অভিনেতাদের পারিশ্রমিক নিয়েও শুরু হয়েছে আলোচনা।
ছবিটি পরিচালনা করেছেন নেলসন দিলীপকুমার। ২০২৩ সালের ব্লকবাস্টার ‘জেলার’র এই দ্বিতীয় পর্বের বাজেট নাকি ২৪০ থেকে ৩০০ কোটি টাকা। সেই অঙ্কের মধ্যেই ধরা হয়েছে অভিনেতাদের পারিশ্রমিক।
ছবিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন দক্ষিণী তারকা রজনীকান্ত। তার পারিশ্রমিক ১১০ কোটি টাকা বলে জানা গেছে। তবে এখানেই শেষ নয়। ছবির ব্যবসার লাভের একটি অংশও পাওয়ার কথা রয়েছে তার।
সেই চুক্তি অনুযায়ী, ছবির আয় ভাল হলে রজনীকান্তের মোট উপার্জন প্রায় ১৮০ কোটি টাকা পর্যন্ত পৌঁছোতে পারে। যদিও এই পারিশ্রমিকের অঙ্ক নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি।
‘জেলার ২’-তে আবার ম্যাথিউ গ্যাংস্টারের চরিত্রে ফিরেছেন মলায়লম তারকা মোহনলাল। শোনা যাচ্ছে, এই ছবির জন্য ৩০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি। ছবিতে রয়েছেন হৃতিক রোশনও।
সাধারণত একটি ছবির জন্য ৮০ থেকে ১১০ কোটি টাকা নিয়ে থাকেন এই অভিনেতা। কিন্তু এই ছবিতে বিশেষ উপস্থিতির জন্য তিনি পেয়েছেন ২৫ কোটি টাকা, এমনই জানা যাচ্ছে।
ছবিতে রয়েছেন বিজয় সেতুপতিও। একটি ছবির জন্য তার পারিশ্রমিক ১৫ থেকে ২৫ কোটি টাকার মধ্যে বলে জানা যায়। তেমনই পারিশ্রমিক পেয়েছেন এই ছবির জন্যও।
এ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিদ্যা বালন। তার চরিত্রে নেতিবাচক দিক রয়েছে বলেও খবর। এই ছবির জন্য অভিনেত্রী ৬ কোটি টাকা পেয়েছেন বলে দাবি করা হয়েছে। এস জে সূর্যের পারিশ্রমিক ৩ থেকে ১০ কোটি টাকার মধ্যে। মলায়ালম অভিনেতা সুরজ ভেঞ্জারামুডুর পারিশ্রমিক ১ কোটি টাকা বলে জানা যাচ্ছে।
নেলসন দিলীপকুমার পরিচালিত এই ছবিতে ফের নিজের পরিচিত চরিত্রে ফিরেছেন রজনীকান্ত। অ্যাকশন, হাস্যরস এবং জমজমাট দৃশ্যে ভরপুর ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্র।
১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জেলার ২’। মুক্তির প্রথম দিনেই গোটা দেশে ৫০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে ছবিটি বলে জানা যায়। দর্শক ও সমালোচক, দুই মহলেই প্রশংসা পাচ্ছে ছবিটি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









