যশোরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে এই বর্ষীয়ান নেতাকে স্মরণ করা হচ্ছে।
সকাল সাড়ে ১০টায় শহরের কারবালা কবরস্থানে তরিকুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কবর জিয়ারত শেষে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকে সেখানে পবিত্র কোরআন পাঠ করা হয়।
কবর জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
এ ছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী, তরিকুল ইসলামের বড় ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তনু ইসলাম সুমিত।
আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু ও জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা প্রমুখ।
দোয়া মাহফিল শেষে দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই সঙ্গে জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে মুসল্লিদের মধ্যে জায়নামাজ, টুপি ও তাসবিহ বিতরণ করা হয়।
এ ছাড়া জেলা সদরসহ সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









