পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরে পরিচ্ছন্নতা অভিযান, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন জাইকার সহযোগিতায় আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এ কর্মসূচির আয়োজন করে।
‘আমাদের শহর, আমরাই পরিষ্কার রাখব’ প্রতিপাদ্যে সকাল ৯টায় নগরীর ২ নম্বর গেটের বিবি রোড থেকে র্যালি শুরু হয়। র্যালিটি চাষাঢ়া মোড় হয়ে সিটি পার্কে গিয়ে শেষ হয়। পরে সিটি পার্কে বর্জ্য ব্যবস্থাপনা ও নগর পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. ইসমাইল চৌধুরী, ইউডিসিজিপি-এলজিইডির টিম লিডার রেমন্ড গার্সিয়া গো এবং প্রকল্পটির আবাসিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং নালা-নর্দমায় বর্জ্য জমা করার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি জলাবদ্ধতাসহ নানা সমস্যা সৃষ্টি হয়। এসব সমস্যা সমাধানে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলের বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার ওপর গুরুত্ব দেন তারা।
বক্তারা আরও বলেন, শুধু সিটি করপোরেশনের একার পক্ষে নগরী পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এ জন্য নগরবাসী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত করার পাশাপাশি পরিবেশ রক্ষায় নাগরিকদের দায়িত্বশীল করে তুলতে হবে।
আলোচনা সভা শেষে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ী ১০ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









