পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা পাউরুটির ভেতরে ধারালো ব্লেড পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ১১৬ নম্বর প্রধানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর পাউরুটিতে এটি পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে প্রথম শিফটের ছুটির পর শিশু শ্রেণির শিক্ষার্থী মিম আক্তার স্কুল ফিডিংয়ের পাউরুটি নিয়ে বাড়ি যায়। পরে খেতে গিয়ে পাউরুটির ভেতরে একটি ব্লেড দেখতে পায় সে। এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্যরা পাউরুটিসহ বিদ্যালয়ে আসেন। পরে সহকারী শিক্ষক বরুণ রায় পাউরুটিটি দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে নিয়ে যান।
বরুণ রায় বলেন, মিমের অভিভাবক পাউরুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ করলে বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়। তাঁর নির্দেশে পাউরুটিটি শিক্ষা কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে অন্য শিক্ষার্থীদের প্যাকেটে কোনো ব্লেড পাওয়া যায়নি।
এদিকে, পাউরুটিতে ব্লেড পাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। শিশুদের খাবারের মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।
এ বিষয়ে বক্তব্য জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন বলেন, পাউরুটিটি সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
জেলায় রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান ইএসডিওর স্কুল ফিডিং প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









