কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা লেগে রোকন ইসলাম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার শশীধরপুর-স্বরূপপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকন উপজেলার তারাগুনিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় ডিস কেবল লাইনে টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি তালগাছে ধাক্কা দেন রোকন। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত হওয়ার খবর পেয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









