বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সুনামগঞ্জ শহরে এসব কর্মসূচি পালন করেন তারা।
সকালে শহরের জেল রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।
সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক হাজী নুরুল মোমেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, সফর আলী, তোতা মিয়াসহ অন্যরা।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করা একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও অসম্মানজনক। মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা রাষ্ট্র ও সমগ্র জাতির দায়িত্ব। জীবদ্দশার পাশাপাশি মৃত্যুর পরও তাদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, ফিরোজপুরে ঘটে যাওয়া এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দাফনে বাধা দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে হবে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
কর্মসূচিতে জেলা ও বিভিন্ন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









