সাম্প্রতিক গোলযোগ ও সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের কেউ পোশাক বা শিল্পকারখানার প্রকৃত শ্রমিক নন বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি)। তাঁর দাবি, শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি ও বিশৃঙ্খলা উসকে দেওয়ার পেছনে কিছু বহিরাগত ও স্বার্থান্বেষী মহল জড়িত রয়েছে।
গতকাল পোশাকশিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিআইজি জানান, শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কোনো প্রকৃত বা তালিকাভুক্ত শিল্পকারখানার শ্রমিক পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরি এবং বাইরে থেকে এসে গোলযোগ উসকে দেওয়ার পেছনে কিছু বহিরাগত ও স্বার্থান্বেষী মহল কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করেছে। সাধারণ ও নিরীহ শ্রমিকদের হয়রানি করার কোনো সুযোগ নেই। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য।
পোশাকশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে রেঞ্জ পুলিশের এই কর্মকর্তা বলেন, কারখানাগুলোর স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বজায় রাখা এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শিল্পাঞ্চলে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









