গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবু শেখ (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন অভিযান চালিয়ে নাগড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। বাবু শেখ নাগড়া গ্রামের লায়েক শেখের ছেলে।
এর আগে বাবু শেখকে আসামি করে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী নারী।
অভিযোগ থেকে জানা যায়, গত ৩১ আগস্ট রাতে বাবু শেখ ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে বাবু শেখকে ধরে ফেলে। কিন্তু তাদের সাথে ধস্তাধস্তির একপর্যায়ে বাবু ছুটে পালিয়ে যান।
ঘটনার চার দিন পর গত ৪ সেপ্টেম্বর ওই গৃহবধূ বাদী হয়ে বাবু শেখের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। এছাড়াও এলাকাবাসীর কাছ থেকে বাবুর বিরুদ্ধে মাদক ক্রয় বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে।
কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো. নাহিদ হোসেন জানান, ধর্ষণ চেষ্টা মামলার আসামি বাবু শেখকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









