ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন করা ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার প্রস্তাবের প্রতিবাদে রেল ও সড়কপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় কাফনের কাপড় মাথায় বেঁধে তাঁরা এ কর্মসূচি পালন করছেন। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এ দুই রেলপথে বেশ কয়েকটি ট্রেনের চলাচল বিঘ্নিত হয়েছে। এর মধ্যে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ও কক্সবাজারগামী বিরতিহীন পর্যটক এক্সপ্রেস ট্রেন রয়েছে। এ ছাড়া আখাউড়া স্থলবন্দর সড়কেও যান চলাচল ব্যাহত হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশনমাস্টার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবরোধের কারণে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে অবস্থান করছে। নিরাপত্তাজনিত কারণে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটিও ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করবে।
স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল নিয়ে নতুন বরিশল ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। পরে ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ বিষয়ে ৪ জুন গেজেট প্রকাশিত হয়।
স্থানীয়রা শুরু থেকেই এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছেন। তবে তাঁদের দাবি, বিষয়টির কোনো সমাধান হয়নি। এর মধ্যে সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়ার বরিশল ইউনিয়নের সঙ্গে একীভূত করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাবকে সদর উপজেলাকে বিভক্ত করার ষড়যন্ত্র হিসেবে দেখছেন তাঁরা।
স্থানীয়দের অভিযোগ, জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন উপজেলা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে একটি দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। এরই প্রতিবাদে তাঁরা রেল ও সড়কপথ অবরোধ করেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









