টানা কয়েক দিনের উত্তেজনা ও সংঘর্ষের পর মজুরি বোর্ডের বেতন বাড়ানোর সুপারিশে মালিক-শ্রমিকের সম্মতির ঘোষণায় কাজে ফিরেছেন গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা। শ্রমিকদের কাজে ফেরায় সচল হয়েছে কলকারখানা। স্বাভাবিক হতে শুরু করেছে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি।
রোববার (৮ নভেম্বর) সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানায় নির্ধারিত সময়ে কাজে যোগ দেন শ্রমিকরা। এখন পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শিল্পাঞ্চলের কোনাবাড়ী, শফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, বাসন সড়ক, টঙ্গী, সালনা ও বাংলাবাজারসহ শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকার কারখানায় শ্রমিকদের কাজে ফেরার খবর পাওয়া গেছে। ফলে কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক হতে শুরু করেছে।
সরকার গঠিত মজুরি বোর্ডের বেতন বাড়ানোর সুপারিশে আশ্বস্ত হয়ে শ্রমিকরা আন্দোলন থেকে সরে এসে কাজে ফিরেছেন। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, নতুন মজুরি আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং শ্রমিকরা জানুয়ারি মাস থেকে বর্ধিত বেতন পাবেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশের সদস্যরা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, শ্রমিক অসন্তোষ এড়াতে রোববারও শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। এদিন ১২ প্লাটুন পুলিশ, এসআরবি ৮ প্লাটুন এবং ৫ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সদস্যরাও মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান করবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









