রাঙামাটি শহরে অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান চিংকিউ রোয়াজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের কালিন্দিপুর এলাকায় নিজ বাসার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিংকিউ রোয়াজাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর চিংকিউ রোয়াজাকে কোতোয়ালি থানায় রাখা হয়েছে। তিনি রাঙামাটি জেলা আওয়ামী লীগের এক নম্বর জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি হেডম্যান অ্যাসোসিয়েশনের একজন নেতাও।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রাঙামাটিতে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক সময়ে তাঁদের কেউ কেউ এলাকায় ফিরে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও বৈঠক করছেন—এমন তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে বলে দাবি করা হচ্ছে।
এসব কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং স্থানীয়ভাবে কেউ তাঁদের সহায়তা করছেন কি না, তা খতিয়ে দেখতে পুরো জেলায় নজরদারি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এরই ধারাবাহিকতায় চিংকিউ রোয়াজার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর শনিবার রাতে কালিন্দিপুর এলাকায় অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, রাঙামাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









