মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বেজগাঁও এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, রাত সাড়ে ৩টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় সড়কের ওপর এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপার, ফুটওভারব্রিজ ব্যবহার এবং দ্রুতগতির যানবাহন চলাচলকারী মহাসড়ক পারাপারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা রোববার সকালে জানান, মরদেহটি থানায় রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাঁর বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









