চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অন্য ছয়জনের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২৫ কিশোরকে আটক করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ১২ জন, ফরিদগঞ্জে ৮ জন, কচুয়ায় ৬ জন, হাজীগঞ্জে ৪ জন, মতলব উত্তরে ৪ জন, মতলব দক্ষিণে ২ জন এবং শাহরাস্তি থানায় ২ জন রয়েছেন। সব মিলিয়ে সাত থানায় ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে পৃথক অভিযানে জেলা আওয়ামী লীগের সভাপতিসহ দলটির ৬২ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে, বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২৫ কিশোরকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে ২৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









