পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে গিয়ে মোটরচালিত ভ্যান উল্টে নাবিলা নুসরাত (৩২) নামে এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর চিকিৎসক স্বামী মাইনুল ইসলাম শুভসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুয়াকাটার মিশ্রীপাড়া বৌদ্ধবিহারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিলা নুসরাত রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তাঁর স্বামী মাইনুল ইসলাম শুভ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক হিসেবে কর্মরত।
আহত স্বামী মাইনুল ইসলাম শুভর বরাতে জানা যায়, শুক্রবার তাঁরা ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে আসেন। শনিবার বিকেলে একটি মোটরচালিত ভ্যানে করে মিশ্রীপাড়া বৌদ্ধবিহার দেখতে যাচ্ছিলেন। পথে মিশ্রীপাড়া সড়কে একটি বিড়াল ভ্যানের চাকার নিচে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি উল্টে যায়। এ সময় ভ্যানে থাকা দুই চিকিৎসকসহ আরও দুই পর্যটক ছিটকে পড়েন।
দুর্ঘটনায় নাবিলা নুসরাতের মাথা ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাঁর স্বামীর কাছে হস্তান্তর করা হয়েছে। পরে স্বজনেরা মরদেহ নিয়ে খুলনার উদ্দেশে রওনা হন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









