পিরোজপুরের মঠবাড়িয়ায় ২ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ এক লাখ টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৬ হাজার টাকা।
শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ধানীসাফা ইউনিয়নের সাফা বাজারে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মঠবাড়িয়া উপজেলার সাফা গ্রামের মোজাম্মেল বেপারীর ছেলে রুবেল বেপারী (২৯) এবং দেবীপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে এমাদুল দফাদার (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মুস্তফা শওকত জামান ও এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাফা বাজারে অভিযান চালায়। এ সময় বাজারের মেসার্স উর্মি এন্টারপ্রাইজের সামনে সন্দেহভাজন রুবেল ও এমাদুলকে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে রুবেল বেপারীর জিন্সের পকেটে পলিথিনে মোড়ানো সাতটি পোটলা এবং নগদ এক লাখ টাকা পাওয়া যায়। পরে পোটলাগুলো খুলে ২ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ওই এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আল মাহাবুব জানান, গ্রেপ্তার দুজনকে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









